আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজে দারুণ আধিপত্য দেখিয়েছে বাংলাদেশ। ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই এগিয়ে থেকে আইরিশদের হোয়াইটওয়াশ করেছে স্বাগতিকরা । টেস্টের লড়াই শেষ হতেই এবার দু’দল নামছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে।
আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে প্রথম টি-টোয়েন্টি।
শ্রীলঙ্কা, পাকিস্তান ও আফগানিস্তানকে হারিয়ে ধারাবাহিকতা তৈরি করলেও ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে সেই ছন্দ নষ্ট হয় বাংলাদেশের। তাই আবার জয়ের পথে ফিরতে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজটি গুরুত্বপূর্ণ লিটন দাসের দলের জন্য। পাশাপাশি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিও মাথায় রাখতে হচ্ছে স্বাগতিকদের।
সিরিজের প্রথম ম্যাচে ওপেনিং জুটি হিসেবে তানজিদ তামিমের সঙ্গে দেখা যেতে পারে ফর্মে থাকা সাইফ হাসানকে। তিন নম্বরে থাকবেন অধিনায়ক লিটন দাস। মিডল অর্ডার থেকে বাদ পড়েছেন শামীম পাটোয়ারি; ফলে তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক ও নুরুল হাসান জায়গা পেতে পারেন।
বোলিং বিভাগে তিন পেসার নিয়ে নামতে পারে বাংলাদেশ। মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিবের সঙ্গে দলে থাকতে পারেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। স্পিনে রিশাদ হোসেন ও নাসুম আহমেদ প্রায় নিশ্চিত। তৃতীয় স্পিনার হিসেবে শেখ মাহেদী দলে থাকবেন কিনা, সেটিই বড় প্রশ্ন।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
তানজিদ তামিম, সাইফ হাসান, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী, নুরুল হাসান, রিশাদ হোসেন, তানজিম সাকিব, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
আরডি