আগামী ১৯ ডিসেম্বর থেকে শুরু হবে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ৯ জানুয়ারি ফাইনাল অনুষ্ঠিত হবে। এর আগে ১৭ ডিসেম্বর ঢাকায় বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হবে বলে জানিয়েছেন বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। বুধবার (২৬ নভেম্বর) বিপিএল–সংক্রান্ত সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন তিনি।
এবারের বিপিএল শুরুতে ৫ দলের টুর্নামেন্ট আয়োজনের কথা থাকলেও প্লেয়ার ড্রাফটের ঠিক আগে সিদ্ধান্ত বদলে দলসংখ্যা বাড়িয়ে ৬-এ উন্নীত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ইফতেখার রহমান মিঠু জানান, আগামীর বিপিএলে ছয়টি দল অংশ নেবে। নতুন দল হিসেবে যোগ হয়েছে নোয়াখালী এক্সপ্রেস।
বিপিএলের এবারের আসরে অংশ নিচ্ছে রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স ও নবাগত নোয়াখালী এক্সপ্রেস। নিলামের আগে প্রতিটি দল দুজন করে দেশি এবং বিদেশি ক্রিকেটারের সরাসরি চুক্তি করার সুযোগ পাচ্ছে।
এদিকে ইতোমধ্যেই তিন দফা পিছিয়েছে নিলামের তারিখ। আগামী ৩০ নভেম্বর বিকেল ৩ টায় রাজধানীর একটি পাচ তারকা হোটেলে অনুষ্ঠিত হবে নিলাম। এবারের বিপিএলে নিলামে অংশ নিতে ৫০০ এর বেশি বিদেশি ক্রিকেটার আবেদন করেছেন। এর মধ্যে থেকে ২৫০ জন ক্রিকেটারকে বাছাই করেছে বিসিবি।
আরডি